পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি স্থানে দুই যুবককে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার ধানীসাফা ও টিকিকাটা ইউনিয়নে এই পৃথক দুটি নৃশংসতার ঘটনা ঘটে।
নিহতরা হলেন ধানীসাফা ইউনিয়নের জমিজমা বিরোধের জেরে নিহত মোহাম্মদ ইউসুফ শরীফ (৩৫) এবং টিকিকাটা ইউনিয়নের তৈরি পোশাক ব্যবসায়ী আব্দুল কাইয়ুম (৩০)।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে ধানীসাফা ইউনিয়নের ফুলঝুরি গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে মোহাম্মদ ইউসুফ শরীফকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়। নিহত ইউসুফ ওই গ্রাামের ফজলুল হক শরীফের ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিবেশী প্রতিপক্ষ মো. আরাফাত শরীফের সঙ্গে ই্উসুফ শরীফ এর জমিজমা সংক্রান্তে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
রবিবার দুপুরে এ নিয়ে দু’পক্ষে ঝগড়াঝাটির ঘটনা ঘটে। একপর্যায়ে প্রতিপক্ষ মো. আরাফাত শরিফ (৩০) -এর নেতৃত্বে তার বাবা আলমগীর শরীফ এবং তার স্ত্রী ফাতেমা আক্তারসহ (২৪) অজ্ঞাত আরও দুই থেকে তিনজন মিলে ইউসুফ শরীফকে বসতঘরের উঠানে ফেলে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে।
অপরদিকে এই ঘটনার রেশ কাটতে না কাটতেই টিকিকাটা ইউনিয়নের মাজু হাওলাদার বাড়ি থেকে আব্দুল কাইয়ুম নামে আরেক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত কাইয়ুম ওই এলাকার জালাল হাওলাদারের ছেলে। ওই যুবক পৌর শহরের দক্ষিণবন্দর সেতু সংলগ্ন এলাকায় রেডিমেড কাপড়ের ব্যবসা করে আসছিলেন। পুলিশ আজ বিকেল সাড়ে তিনটার দিকে নিজ বসতঘরের শয়ণকক্ষ হতে ওই যুবকের লাশ উদ্ধার করেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, কাইয়ুমের স্ত্রী বাবার বাড়িতে থাকায় তিনি ঘরে একাই ছিলেন। এই সুযোগে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ঘরে ঢুকে শোবার ঘরে তাকে কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এক সন্তানের জনক নিহত কাইয়ূম টিকিকাটা ইউনিয়নের পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের মো. জালাল হাওলাদার এর ছেলে। তবে তার হত্যাকান্ডের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম দুই হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিত করে বলেন, ‘ফুলজুরি গ্রামের হত্যাকাণ্ডটি জমিজমা বিরোধের জেরে ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। অন্যদিকে টিকিকাটা ইউনিয়নে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালাচ্ছে। পৃথক ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ‘
তিনি আরও বলেন, ‘দুটি হত্যাকাণ্ডের ঘটনায় প্রেক্ষিতেই পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
আইএন বি/বিভূঁইয়া
প্রিন্ট

৬৮ এসিল্যান্ড প্রত্যাহার, প্রজ্ঞাপন জারি 













