কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের নিকলীতে শনিবার রাত ১টার দিকে ছাতিরচর বাজারে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ছাড়াও এ ঘটনায় দুজন আহত হয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
নিহত কাছুম আলী (৬৫) ছাতিরচর পূর্বপাড়া গ্রামের মনর উদ্দিনের ছেলে। আহতরা হলেন রমিজ মেম্বার ও হিরু মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে ছাতিরচর দক্ষিণপাড়া গ্রামের জুম্মনের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। কাছুম আলীসহ কয়েকজন ব্যক্তি বালু তুলতে বাধা দিয়ে আসছিলেন। এর জের ধরে গত রাতে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় প্রতিপক্ষের লোকজন কাছুম আলীকে হত্যা করে বলে অভিযোগ উঠেছে।
ছাতিরচর ইউনিয়ন পরিষদের দফাদার নাজমুল ইসলাম জানান, কাছুম আলী ও রমিজ মেম্বার বালু তুলতে বাধা দিয়েছিলেন। পরে রাতে তাদের ওপর হামলা হয়। এতে কাছুম আলী নিহত ও দুজন আহত হয়েছেন।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনকে কেন্দ্র করে রাতে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় জুম্মন ও তার লোকজন দা নিয়ে প্রতিপক্ষকে ধাওয়া দেয়।
একপর্যায়ে কাছুম আলী অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় রমিজ মেম্বার ও হিরু মিয়া নামে দুজন আহত হয়েছেন। অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

৬৮ এসিল্যান্ড প্রত্যাহার, প্রজ্ঞাপন জারি 













