দীপেন দেওয়ানের পদত্যাগে রাঙামাটিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

চট্টগ্রাম প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগের খবরে তার নেতাকর্মী ও সমর্থকরা রাঙামাটিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন।

সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৪টা থেকে জেলা শহরের কাঁঠালতলীতে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, ছাবের আহম্মদ ও মুজিবুর রহমান, মানস মুকুল চাকমা, জেলা মহিলা দলের আহ্বায়ক নুর জাহান বেগম পারুল, যুগ্ম আহ্বায়ক ইয়াছমিন বাবলী, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমনসহ অনেকে।

নেতাকর্মীদের দাবি, দীপেন দেওয়ান নিজ থেকে পদত্যাগ করেননি, একটি মহল তাকে পদত্যাগ করতে বাধ্য করেছেন।

তারা দাবি করেন, যারা মন্ত্রীর পদত্যাগে ইন্ধন দিয়েছে তারা আজকের বিক্ষোভ মিছিল বা সড়ক অবরোধে অংশ নেননি। এতে ষড়যন্ত্রকারীদের অবস্থান পরিষ্কার হয়েছে।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, প্রধানমন্ত্রীর প্রতি আমাদের দাবি পাহাড়ের একমাত্র অবিসংবাদিত নেতা দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী হিসেবে বহাল রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত পুনরায় ঘোষণা না আসে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।

আইএনবি/বিভূঁইয়া