আইএনবি ডেস্ক: পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদারসহ ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত (চাকরিচ্যুত) করেছে সরকার। একই সঙ্গে মোহাম্মদ ওবায়দুর রহমান নামে আরও একজন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বিভাগীয় মামলায় গুরুতর অসদাচরণ এবং অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত বা পলায়ন থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের বিরুদ্ধে এই কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক সাতটি প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধি অনুযায়ী তাঁদের বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার পুলিশ সদর দপ্তরে কর্মরত থাকাকালে ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এবং ১৫ আগস্টের মধ্যে যোগদানের নির্দেশ অমান্য করায় পলায়নের তারিখ থেকেই তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে। ডিএমপির সাবেক উপ-পুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম ছুটি শেষে ২০২৫ সালের ২৩ এপ্রিল যোগ না দিয়ে নোটিশের জবাব না দেওয়ায় পলায়নের অভিযোগে ২০২৫ সালের ২৩ মার্চ থেকে বরখাস্ত হয়েছেন। অন্যদিকে, গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ছুটিতে গিয়ে ১৮ সেপ্টেম্বর থেকে মোবাইল ফোন বন্ধ রেখে আত্মগোপনে থাকায় ওই তারিখ থেকেই চাকরি হারিয়েছেন।
এ ছাড়া সুনামগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান ২০২৫ সালের ২৯ জানুয়ারি কর্মস্থল ছেড়ে হোয়াটসঅ্যাপে নিজেকে অসুস্থ দেখানোর নির্দেশ দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করায় ৩০ জানুয়ারি থেকে বরখাস্ত হয়েছেন। সাবেক সহকারী পুলিশ সুপার মো. আরিফুজ্জামান ২০২৪ সালের ১৪ অক্টোবর থেকে অনুপস্থিত থেকে অসুস্থতার ভুয়া কাগজপত্র পাঠানোয় এবং নোটিশের পরও যোগ না দেওয়ায় পলায়নের তারিখ থেকে বরখাস্ত হয়েছেন।
অন্যদিকে, ফৌজদারি অপরাধের দায়ে চাকরি হারিয়েছেন রংপুর সিআইডির সাবেক সহকারী পুলিশ সুপার মো. সারোয়ার কবীর সোহাগ। ২০২১ সালের ২৩ আগস্ট অনুমতি ছাড়া দিনাজপুরের চিরিরবন্দরে অভিযান চালিয়ে এক ব্যক্তির স্ত্রী ও সন্তানকে তুলে নিয়ে মুক্তিপণ দাবির গুরুতর অভিযোগে তখন তিনি থানা পুলিশের হাতে আটক হন। বিভাগীয় তদন্তে সেই অসদাচরণ প্রমাণিত হওয়ায় তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমান ২০১৭ সালের ২৯ মে থেকে অনুমতি ছাড়া দীর্ঘ প্রায় ৯ বছর কর্মস্থলে অনুপস্থিত থাকায় এবং পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

ঢাকায় আকস্মিক বৈঠকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন ও ভারতীয় রাষ্ট্রদূত 



















