আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসাম রাজ্যের ডিব্রুগড় থেকে বাংলাদেশের পানগাঁও বন্দরের উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানল নিয়ে একটি পণ্যবাহী জাহাজ যাত্রা শুরু করেছে। সোমবার (৫ অক্টোবর ২০২৬) ব্রহ্মপুত্র নদের বগিবিল টার্মিনাল থেকে ভারতের স্বাধীনতার পর প্রথমবারের মতো এই আন্তর্জাতিক নৌ-বাণিজ্যযাত্রার উদ্বোধন করেন দেশটির কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও নৌপথবিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।
ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও এতে অংশ নেন। নামরুপে অবস্থিত রাষ্ট্রীয় মালিকানাধীন আসাম পেট্রো-কেমিক্যালস লিমিটেডের উৎপাদিত এই মিথানলবাহী জাহাজটি ব্রহ্মপুত্র নদের জাতীয় নৌপথ-২ দিয়ে প্রায় ৭৬৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভারত-বাংলাদেশ সীমান্তে পৌঁছাবে এবং এরপর দুই দেশের নির্ধারিত নৌ-প্রটোকল রুট ব্যবহার করে নারায়ণগঞ্জে এসে পৌঁছাবে। ডিব্রুগড়ের বগিবিল থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত মোট প্রায় ১ হাজার ৩০০ কিলোমিটার দীর্ঘ এই জলপথের মাধ্যমে উত্তর-পূর্ব ভারত ও আন্তর্জাতিক বাজারের মধ্যে বাণিজ্যিকভাবে কার্যকর পণ্য পরিবহন ব্যবস্থার নতুন দ্বার উন্মোচিত হলো।
ঐতিহাসিকভাবে ব্রিটিশ আমল থেকেই ডিব্রুগড় পূর্ব ভারতের অন্যতম প্রধান নদীবন্দর হিসেবে ব্যবহৃত হলেও ১৯৪৭ সালের দেশভাগ এবং পরবর্তীতে ১৯৫০ সালের ভূমিকম্পের প্রভাবে এই নৌপথের বাণিজ্যিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এবং ১৯৫৬ সালে ডিব্রুগড় ঘাটটি আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যায়। দীর্ঘ প্রায় সাত দশক পর এই ঐতিহাসিক নৌপথ পুনরায় চালুর মাধ্যমে শুধু দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যই জোরদার হবে না, বরং সড়কপথের ওপর চাপ কমিয়ে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব উপায়ে পণ্য পরিবহন নিশ্চিত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

নিত্যপণ্যের চড়া দাম নিয়ে নাহিদ ইসলামের ক্ষোভ, দায়ী করলেন সিন্ডিকেটকে 


















