চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগে একটি আবাসিক ভবনের ফটকে দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। ওই ভবনের মালিকের প্রবাসী ছেলের কাছে কয়েকদিন আগে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে হামজারবাগ এলাকায় রুনা টাওয়ার নামে ভবনটির প্রধান ফটকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দুই যুবক ভবনের গেটে গিয়ে প্রহরীর সঙ্গে কথা বলে।
পরে সেখান থেকে চলে যাওয়ার সময় তারা গেট লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) হাসান মোস্তফা স্বপন বলেন, রাত সাড়ে ১০টার দিকে হামজারবাগ এলাকায় রুনা টাওয়ারের ফটকে দুই রাউন্ড গুলি ছোড়ার খবর পাওয়া যায়। দুই যুবক এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ভবনটির মালিক হাজি ইউনূসের দুই ছেলে মধ্যপ্রাচ্য প্রবাসী। সম্প্রতি তার বড় ছেলে দেশে এসেছেন।
তিনি বলেন, কয়েকদিন আগে একটি ইন্টারনেট নম্বর থেকে ভয়েস মেসেজের মাধ্যমে তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ঘটনার রাতে দুই যুবক ভবনে গিয়ে প্রহরীর সঙ্গে কথা বলে। পরে ফিরে যাওয়ার সময় তারা গেট লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে গত ১৩ জুলাই নগরের বাকলিয়া এক্সরোড এলাকায় ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডিডিএনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের পর ৩০ লাখ টাকা লুটের ঘটনা ঘটে।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

৬৮ এসিল্যান্ড প্রত্যাহার, প্রজ্ঞাপন জারি 













