আইএনবি ডেস্ক: নীলফামারীর ডালিয়া পয়েন্টে উজানের পাহাড়ি ঢল এবং টানা বর্ষণে তিস্তা নদীর পানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়ে বিপদসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে নদীবেষ্টিত নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি তিস্তা তীরবর্তী চরাঞ্চলের মানুষের মধ্যে দেখা দিয়েছে তীব্র আতঙ্ক।
আজ বুধবার সর্বশেষ সকাল ৯টায় পরিমাপ অনুযায়ী, ডালিয়া ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার (৫২.১৫ মিটার) ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পাউবো ডালিয়া ডিভিশন সূত্র জানায়, বুধবার সকাল থেকেই তিস্তা নদীর পানি হু-হু করে বাড়তে থাকে। পানি নিয়ন্ত্রণে ব্যারেজের ৪৪টি জলকপাট (স্লুইসগেট) খুলে দিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় ডালিয়া, ডিমলা ও জলঢাকা উপজেলার নিম্নাঞ্চল এবং চরাঞ্চলের বসতবাড়িতে পানি ঢুকতে শুরু করেছে। ইতোমধ্যে লোকালয়ে পানি প্রবেশের আশঙ্কায় স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিভাত চৌধুরী বলেন, ‘উজানের পাহাড়ি ঢলের কারণে পানি বাড়া অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি এবং পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে।’
তিনি আরও বলেন, তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দারা দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

আইএনবি নিউজ ডেস্ক 




















