প্রযুক্তি ডেস্ক: হোয়াটসঅ্যাপে এতদিন ফোন নম্বর ব্যবহার করেই একে অপরকে বার্তা, ছবি ও ভিডিও পাঠানো যেত। পাশাপাশি নম্বরের মাধ্যমে সহজেই কোনো ব্যক্তির হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও খুঁজে পাওয়া যেতো। তবে ফোন নম্বর প্রকাশ থাকায় অনেক সময় অপরিচিত ব্যক্তিদের সরাসরি কল বা বার্তার কারণে বিরক্তির মুখে পড়তেন ব্যবহারকারীরা।
এই সমস্যা সমাধানে নতুন ‘ইউজারনেম’ সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর জন্য এই ফিচার উন্মুক্ত করা হবে।
হোয়াটসঅ্যাপের তথ্য অনুযায়ী, নতুন এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা ফোন নম্বর শেয়ার না করেই অন্যদের সঙ্গে বার্তা আদান–প্রদান করতে পারবেন। অর্থাৎ নির্দিষ্ট একটি ইউজারনেম ব্যবহার করে কেউ সহজেই অন্যকে খুঁজে বার্তা পাঠাতে পারবেন, কিন্তু ব্যক্তিগত ফোন নম্বর গোপনই থাকবে।
এর ফলে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করলেও নম্বর প্রকাশের ঝুঁকি কমবে। অ্যান্ড্রয়েড ও আইওএস- উভয় প্ল্যাটফর্মেই এই সুবিধা ব্যবহার করা যাবে।
ফিচারটি চালু হওয়ার পর ব্যবহারকারীদের নিজেদের জন্য একটি ইউনিক ইউজারনেম তৈরি করতে হবে। একই ইউজারনেম একাধিক ব্যক্তি ব্যবহার করতে পারবেন না। ফলে পছন্দের নামটি আগে থেকেই অন্য কেউ ব্যবহার করে থাকলে নতুন একটি নাম নির্বাচন করতে হবে।
ইউজারনেম তৈরির ক্ষেত্রেও কিছু নিয়ম মানতে হবে। এতে অন্তত একটি অক্ষর থাকতে হবে। পাশাপাশি সংখ্যা, ডট (.) এবং আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। তবে খুব ছোট বা অতিরিক্ত বড় ইউজারনেম গ্রহণ নাও করতে পারে অ্যাপটি।
সূত্র: টেকলুসিভ
আইএনবি/বিভূঁইয়া