৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা

আইএনবি ডেস্ক: ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলে সাতটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সোমবার (৪ মে) সকাল ৯টায় এ তথ্য জানিয়েছে ।

সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নেত্রকোনার জারিয়াজঞ্জাইলে ৭৪ মিলিমিটার, হবিগঞ্জে ৭৪ মিলিমিটার এবং চাঁদপুর-বাগান এলাকায় ৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এতে হাওরাঞ্চলের তিন জেলার সাতটি নদীর আটটি পর্যবেক্ষণ স্টেশনে পানি প্রাক-মৌসুমি বিপৎসীমা অতিক্রম করেছে। সুনামগঞ্জের নলজুর নদীর পানি জগন্নাথপুর পয়েন্টে ৪০ সেন্টিমিটার, নেত্রকোনার ধনু-বাউলাই নদী জারিয়াজঞ্জাইলে ৮ সেন্টিমিটার এবং সোমেশ্বরী নদী কলমাকান্দায় ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ভুগাই-কংশ নদী, মগরা নদী এবং হবিগঞ্জের কালনী ও সুতাং নদীর পানিও বিপৎসীমার ওপরে রয়েছে।

পাউবোর পূর্বাভাসে বলা হয়েছে, সুনামগঞ্জের হাওর অঞ্চলে নদীগুলোর পানি ধীরে ধীরে বাড়ছে, প্রতি ঘণ্টায় প্রায় ০ থেকে ১ সেন্টিমিটার হারে বৃদ্ধি পাচ্ছে।

এদিকে আগামী কয়েক দিন দেশের সব বিভাগেই দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

পরিস্থিতি অব্যাহত থাকলে উত্তর-পূর্বাঞ্চলের নিম্নাঞ্চলগুলোতে স্বল্পমেয়াদি বন্যার ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আইএনবি/বিভূঁইয়া