চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে লোহাগাড়ার জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ জানিয়েছে, হতাহতরা সবাই বৌদ্ধ ধর্মাবলম্বী।
স্থানীয়রা জানান, চট্টগ্রামমুখী কালো রঙের একটি মাইক্রোবাস চুনতির জাঙ্গালিয়া চেকপোস্ট সংলগ্ন এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এরপর মাইক্রোবাসটি রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
লোহাগড়া ফায়ার স্টেশনের সাব-অফিসার ফিরোজ খান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার করি। আমরা আসার আগেই আহতদের হাসপাতালে নিয়ে গেছেন স্থানীয়রা। নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী বলেন, মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন এবং আরও ৪ জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
আইএনবি/বিভূঁইয়া