আইএনবি ডেস্ক: রাজধানীর জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প ব্যবস্থা হিসেবে সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
বুধবার (২০ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল মোর্শেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সম্প্রতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদুল আজহা উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো ইতোমধ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে।
আগামী ২৮ মে দেশে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ত্যাগের শিক্ষা ও ধর্মীয় তাৎপর্যে সমৃদ্ধ এ উৎসবে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কোরবানি দিয়ে থাকেন। ঈদের দিন মুসল্লিরা ঈদগাহ ও মসজিদে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন।
প্রধান জামাতের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। জাতীয় ঈদগাহের এ জামাতে সাধারণত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, কূটনীতিক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে থাকেন।
আইএনবি/বিভূঁইয়া