কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে হত্যা, ডাকাতি ও অস্ত্র মামলাসহ মোট ২১টি মামলার সাজাপ্রাপ্ত আসামি মো. কলিম উল্লাহ ওরফে ‘কলিম ডাকাতকে শনিবার সন্ধ্যায় কক্সবাজার সরকারি কলেজ এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত কলিম উল্লাহ কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের তোতকখালী এলাকার মৃত কবির আহমদের ছেলে।
দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে থাকা এই দুর্ধর্ষ অপরাধীকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, ব্যাটালিয়ন সদর দপ্তরের একটি আভিযানিক দল জানতে পারে যে, হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও একাধিক মামলায় সাজাপ্রাপ্ত কলিম ডাকাত কক্সবাজার সরকারি কলেজ এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে দ্রুত একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে ২০১৫ সালের একটি চাঞ্চল্যকর হত্যা মামলা ছাড়াও ডাকাতি, অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মোট ২১টি মামলা রয়েছে।
র্যাব জানায়, গ্রেফতারের পর তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া