আইএনবি ডেস্ক:ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (৪ নভেম্বর ২০২৬) দুপুরে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে মহাখালী থেকে ইকবাল সোবহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরবর্তীতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে তাঁকে কোনো নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হবে কি না বা তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট কী অভিযোগ রয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
এর আগে চলতি বছরের ১৫ এপ্রিল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার কথা থাকলেও ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে ফেরত পাঠানো হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি অনেকটা আড়ালেই অবস্থান করছিলেন। তবে ওই বছরের সেপ্টেম্বর মাসে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর জানাজায় অংশ নিতে তাঁকে জাতীয় প্রেসক্লাবে সর্বশেষে প্রকাশ্যে দেখা যায়।
ইকবাল সোবহান চৌধুরী পেশাগত জীবনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) শীর্ষ পদের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি সরকারি সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি দীর্ঘ দিন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের রাজনীতির সাথেও যুক্ত ছিলেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে তিনি ফেনী-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পরবর্তীতে তিনি শেখ হাসিনার মেয়াদে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

তাহসিফের সেই বান্ধবী ‘অত্যন্ত চতুর প্রকৃতির’, আরও তিন দিনের রিমান্ড 


















