আইএনবি ডেস্ক: ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকায় আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের তুমুল ধাওয়া-পাল্টাধাওয়া চলছে। মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে মিরপুর-১১ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, আন্দোলনস্থলে আনুমানিক ৭ থেকে ৮ হাজার শ্রমিক অবস্থান নিয়ে সড়ক অবরুদ্ধ করার চেষ্টা করেন। পুলিশ সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে দিতে অভিযান শুরু করলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে, যার ফলে পুরো এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়।
বর্তমানে ওই এলাকায় থেমে থেমে ধাওয়া-পাল্টাধাওয়া ও উত্তেজনা চলছে। উদ্ভূত পরিস্থিতির কারণে নিরাপত্তার স্বার্থে মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশনটির স্বাভাবিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, শ্রমিকদের কোনোভাবেই সড়ক অবরোধ করতে দেওয়া হচ্ছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে এবং বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানরত আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

এসআরবি ও শিল্প পুলিশ প্রধানসহ শীর্ষ পর্যায়ে রদবদল 












