আইএনবি ডেস্ক: দেশের বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড হিসেবে কর্মরত ৬৮ জন কর্মকর্তাকে প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ন্যস্ত করেছে সরকার। সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে এসংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। বিসিএস প্রশাসন ক্যাডারের এসব কর্মকর্তা এতদিন বরিশাল, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা ও রংপুর বিভাগের বিভিন্ন উপজেলায় ভূমি ব্যবস্থাপনা, রাজস্ব আদায়, নামজারি ও ভূমি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিসহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করে আসছিলেন। পরবর্তী পদায়নের সুবিধার্থে তাদের নিজ নিজ কর্মস্থল থেকে প্রত্যাহার করে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, ভূমি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। এছাড়া প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটের পরবর্তী সংখ্যায় প্রকাশের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য সরকারি ওয়েবসাইট ও জিইএমএস সিস্টেমে হালনাগাদ করার প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

৬৮ এসিল্যান্ড প্রত্যাহার, প্রজ্ঞাপন জারি 









