আইএনবি ডেস্ক: সরকার বা আদালত আইনগতভাবে নিষিদ্ধ ঘোষণা না করা পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির প্রকাশনা ও বিপণন বন্ধ করবে না ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)। সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে বাংলাবাজারে ইউপিএলের শোরুমে বইটির বিপণন বন্ধের দাবিতে হামলা ও কর্মীদের হয়রানির ঘটনার পর দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি এই শক্ত অবস্থান জানায়।
বিবৃতিতে ইউপিএল স্পষ্ট করে জানিয়েছে যে কোনো বই নিষিদ্ধ করার ক্ষেত্রে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয় এবং যথাযথ কর্তৃপক্ষ আইন মেনে কোনো সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত কোনো চাপ বা হুমকির মুখে তারা বই বিক্রি বন্ধ করবে না। বাংলাদেশের ইতিহাসের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত এমন একটি ঐতিহাসিক গ্রন্থ নিষিদ্ধ করাকে জাতির জন্য ‘মর্মান্তিক’ উল্লেখ করে প্রতিষ্ঠানটি বলেছে যে বাংলাদেশ সৃষ্টির ইতিহাস ও মুক্তিযুদ্ধের বহু প্রয়োজনীয় প্রেক্ষাপট এই বইটিতে রয়েছে। তাই যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া বইটির প্রকাশনা ও বিপণনে হস্তক্ষেপ জ্ঞানচর্চা ও সংস্কৃতির বিকাশের জন্য অত্যন্ত ক্ষতিকর।
প্রকাশনা শিল্পে অবৈধ চাপ ও হুমকির বিরুদ্ধে লেখক, পাঠক, শিক্ষক, সাংবাদিক ও প্রকাশকদের এক হয়ে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ইউপিএল বলেছে, প্রকাশনা শিল্পে ‘গুণ্ডামির রাজত্ব’ প্রতিষ্ঠার যেকোনো তৎপরতা রাষ্ট্র, সমাজ ও জ্ঞানচর্চার স্বার্থে প্রতিহত করতে হবে।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

৬৮ এসিল্যান্ড প্রত্যাহার, প্রজ্ঞাপন জারি 










