জ্বালানি পরিবহন ও টাওয়ার রক্ষণাবেক্ষণে পুলিশ চায় বিটিআরসি

 

আইএনবি ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জ্বালানি পরিবহন এবং টাওয়ার সাইটে রক্ষণাবেক্ষণ কাজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতা চেয়েছে । পাশাপাশি জ্বালানি সংকটের মধ্যে নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা নিশ্চিতে সংশ্লিষ্টদের নিয়ে জরুরি সভা ডাকা হয়েছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) এ সহযোগিতা চেয়ে বিটিআরসি থেকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে চিঠি পাঠানো হয়।

বিটিআরসি থেকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবের কাছে সম্প্রতি পাঠানো চিঠিতে বলা হয়, মাত্রাতিরিক্ত লোডশেডিং ও অপ্রতুল বিদ্যুৎ সরবরাহের কারণে মোবাইল অপারেটরদের সাইট ডাউনসহ মোবাইল পরিষেবার সঙ্গে সংশ্লিষ্ট সার্ভারসমূহ প্রায়ই ডাউন হচ্ছে।

নিরবচ্ছিন্ন টেলিকম সেবা ও নেটওয়ার্ক সচল রাখতে অপারেটরদের জেনারেটরের ওপর নির্ভর করতে হচ্ছে।

মোবাইল অপারেটর ও টাওয়ারকো অপারেটরদের জ্বালানি পরিবহন এবং টাওয়ার সাইটে রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ করা হয় চিঠিতে।

বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগ থেকে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারভেজ সই করা এ চিঠিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়।

এর আগে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি ও বিদ্যুৎ বরাদ্দ পেতে গত ১২ মার্চ ডাক ও টেলিযোগাযোগ বিভাগে চিঠি পাঠায় বিটিআরসি।

এরপর দিনই ১৩ মার্চ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ ও সকল জেলা প্রশাসককে চিঠি দিয়েছিল।

এদিকে, চলমান জ্বালানি সংকটে নিরবচ্ছিন্ন টেলিকম সেবা ও নেটওয়ার্ক ব্যবস্থাপনা নিশ্চিতে বিটিআরসির যৌথ সভা ডাকা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, মোবাইল অপারেটর, এনটিটিএন অপারেটর, টাওয়ারকো অপারেটর এবং অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস বাংলাদেশ (এমটব)-এর সঙ্গে বিটিআরসির প্রথম জরুরি সভা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ২৩ এপ্রিল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পিজিসিবি, বিদ্যুৎ বিতরণ কোম্পানিসমূহ এবং টেলিকম সংশ্লিষ্ট অপারেটরদের সঙ্গে আরেকটি যৌথ সভা অনুষ্ঠিত হবে। সভায় টেলিকম খাত সংশ্লিষ্ট জ্বালানি সংকটজনিত সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশা করা হচ্ছে।

বিটিআরসি জানায়, মোবাইল নেটওয়ার্ক, ডাটা সেন্টার ও কোর নেটওয়ার্ক সাইটসমূহে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি ও লোডশেডিং মুক্ত বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অংশীজনদের সমন্বয়ে প্রয়োজনীয় কার্যক্রম জোরদার করেছে কমিশন।

 

আইএনবি/বিভূঁইয়া