ব্রাহ্মণবাড়িয়া (নবীনগর ) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রোববার (২৮ জুলাই) সকালে উপজেলার পৌর শহরের বিজয়পাড়া এলাকা থেকে একই পরিবারের চারজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন- সোহাগ মিয়া (৩৩), জান্নাতুল বেগম (২২), ফারিয়া (৪), ফাহিমা (২)। সোহাগ মিয়া ও জান্নাতুল সম্পর্কে স্বামী-স্ত্রী এবং তাদের দুই সন্তান ফারিয়া ও ফাহিমা।
নবীনগর থানার ওসি মো. মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে নিহতদের আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা সোহাগ মিয়ার ঘরে গিয়ে ডাকাডাকি করে। কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে সবার মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
তবে নিহতের কারণ জানাতে পারেননি ওসি মাহাবুব। তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশগুলো ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। তদন্তের পর এ ঘটনার সঠিক কারণ জানা যাবে।
আইএনবি/বিভূঁইয়া