আইএনবি ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার প্রয়াত ভাই আরাফাত রহমান কোকোকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান। বুধবার (৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের ১১তম দিনে তিনি এ দাবি করেন।
তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কথা উল্লেখ করে বলেন, ‘আমি কাউকে খুশি করার জন্য বলছি না। তিনি নয় মাস বন্দী ছিলেন। তাই তাকে একজন শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। একইভাবে তার সহোদর ভাইকেও শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আরেকটি আবেগের কথা বলতে চাই—১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মাতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সহোদর ভাই পাকিস্তানিদের হাতে বন্দী ছিলেন।’
মুজিবুর রহমান বলেন, ‘এটা কোনো নির্বাচনের আগে বলা কথা নয়, আমি আগেও রাজনৈতিক বক্তব্যে বলেছি—যদি কোনো দিন সুযোগ হয়, বেগম খালেদা জিয়ার স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য তাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত।’
আইএনবি/বিভূঁইয়া