মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলায় গরুর হাটের ইজারার টাকা ভাগ করাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি ও খাসেরহাট গরুর হাটের ইজারাদার নুরুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে বাঁশগাড়ী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে খাসেরহাট গরুর হাটের ইজারার টাকা গণনা করা হচ্ছিল। সে সময় আরেকটি পক্ষ সেখানে গিয়ে টাকার ভাগ দাবি করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় বাঁশগাড়ী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। সংঘর্ষে দুইজন আহত হন। তাদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাঁশগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম বলেন,‘হাটের টাকা গণনার সময় একটি পক্ষ জোর করে ভাগ নিতে আসে। টাকা না দেওয়ায় আমাদের ওপর হামলা চালানো হয়।’
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আইএনবি/বিভূঁইয়া