আইএনবি ডেস্ক: সরকারের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা ঋণ ও অনুদান পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি প্রতারক চক্র অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিকাশসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে এই অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টার বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বাংলাদেশ ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ‘উদ্যোগ’ নামে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কোনো আনুষ্ঠানিক পেজ বা অফিসিয়াল অ্যাকাউন্ট নেই। এই কর্মসূচির আওতায় ঋণ পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অর্থ প্রদান থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এ ধরনের ভুয়া পেজ বা অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার কিংবা প্রতারণামূলক কার্যক্রম চালালে তাদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-সংক্রান্ত আইনসহ প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, তরুণদের উদ্ভাবনী উদ্যোগে অর্থায়ন ও নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করেছে। এর অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি-উদ্যোগ (UDYOG)’ চালু করেছে। এই কর্মসূচির আওতায় তরুণ উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পান, যার মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং সমপরিমাণ অর্থ এককালীন অনুদান হিসেবে একই সঙ্গে বিতরণ করা হয়। গত ১৩ সেপ্টেম্বর এসংক্রান্ত নীতিমালা জারির পর, প্রথম পর্যায়ে আট জেলায় এবং পরবর্তীতে গত ১ নভেম্বর থেকে অবশিষ্ট ৫৬ জেলার উদ্যোক্তাদের আবেদন গ্রহণ শুরু হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

এবার বাড়ল বিমানের জেট ফুয়েলের দাম, আজ থেকে কার্যকর 


















