আইএনবি ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্বৈরাচার ও গুপ্ত বাহিনী এক হয়ে মিলেমিশে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং যারা অরাজকতা তৈরি করতে চায়, তাদের বিষয়ে দেশের সবাইকে সর্বদা সচেতন থাকতে হবে। বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) বিকেলে ফেনীর ফুলগাজী পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ, ইমাম-পুরোহিতদের সম্মানী প্রদান এবং দরিদ্র শিক্ষার্থী ও অসহায় মানুষের সহায়তা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন যে সরকার কথা রেখেছে এবং সফলভাবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ইমাম-পুরোহিতদের সম্মানী প্রদানের কাজ শুরু করেছে। বিএনপির রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি উল্লেখ করে তিনি জানান যে সরকার বন্ধ থাকা কলকারখানাগুলো নতুন করে চালু করতে চায়। যারা দেশ থেকে পালিয়ে গেছে এবং ‘এক দফা’র নামে অরাজকতা সৃষ্টি করছে, তাদের সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন যে জনগণের কল্যাণে তাদের কোনো ইতিবাচক কর্মসূচি বা রাজনীতি আছে কি না। একদল অতীতে বেহেশতের টিকিট বিক্রির কথা বলে মুনাফেকি করেছে উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর গুপ্ত বাহিনী বলেছিল তারা ফিরে এলেও কোনো অসুবিধা নেই, কারণ তারা বরাবরই স্বৈরাচারের সঙ্গেই রাজনীতি করত।
এর আগে ফেনীর পরশুরাম ও ফুলগাজীর মানুষের দীর্ঘদিনের বন্যা-ভোগান্তি লাঘবে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আজকের এই কর্মসূচির আওতায় ৭ হাজার ৬৪৩ জনকে কৃষক কার্ড, ৫১০ পরিবারকে ফ্যামিলি কার্ড এবং ২৩৮ জন ইমাম, পুরোহিত ও সেবায়েতকে সম্মানী ভাতা দেওয়া হয় এবং গুরুতর অসহায় ব্যক্তি ও প্রতিবন্ধীদের মাঝেও সহায়তার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, কৃষিমন্ত্রী আমীনুর রশিদ এবং স্থানীয় সংসদ সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে: প্রধানমন্ত্রী 












