আইএনবি ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুর কলেজ গেট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আজ রোববার সকালে ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার এসআই মমিনুল।
তিনি বলেন, সকালে মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে একটি ঝটিকা মিছিল বের করার চেষ্টা করা হয়। সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মিছিল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সারাদেশে বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশ সদরদপ্তর। আগামী ২৩ জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য কর্মসূচি ও নিরাপত্তা ঝুঁকি মূল্যায়নের নির্দেশনা দিয়ে দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিদের কাছে একটি জরুরি বার্তা পাঠানো হয়েছে।
বার্তায় আওয়ামী লীগের সম্ভাব্য কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়। সেখানে উল্লেখ করা হয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকীর দিন দেশের বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, ব্যানার নিয়ে মিছিল কিংবা অন্যান্য কর্মসূচি পালন করতে পারেন।
পুলিশের বার্তায় আরও বলা হয়েছে, এসব কর্মসূচিকে কেন্দ্র করে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী কর্মসূচিতে বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এমন পরিস্থিতিতে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় এসব বিষয় গুরুত্বে নিয়ে ‘প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ’ করতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে ওই বার্তায়। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ বার্তা পাঠানো হয়েছে।
|
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

আইএনবি নিউজ ডেস্ক 



















