সাভার প্রতিনিধি: সাভারে আট বছর বয়সী শিশু ওয়াহিদের দুই চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ উঠেছে শিশুটির বোনের জামাই রাজ্জাকের বিরুদ্ধে।
শনিবার (৪ এপ্রিল) সকালে ধামরাইয়ের ‘নিলা বর্ষা পার্কের’ সামনে থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন স্থানীয়রা। পরে শিশুটিকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত শিশু ওয়াহিদ নাজিম উদ্দিন ও সাহিদা দম্পতির ছেলে। তারা সাভার পৌর এলাকার ভাগলপুর মহল্লায় ভাড়া বাসায় বসবাস করেন। অন্যদিকে অভিযুক্ত রাজ্জাক ধামরাইয়ের বরদাইল এলাকার সালামের ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী শিরীন জানান, সকালে বাড়ির পাশের পার্কের কাছে শিশুটিকে পড়ে থাকতে দেখেন। এ সময় তার দুই চোখ ফুলে ছিল এবং শরীর থেকে রক্ত বের হচ্ছিল। পরে স্থানীয় কয়েকজন যুবকের সহযোগিতায় তাকে হাসপাতালে নেওয়া হয়।
শিশুটির পিতা নাজিম উদ্দিন দাবি করেন, তার ছেলে ওয়াহিদকে মেয়ের জামাই রাজ্জাক মারধর করেছে। হাসপাতালে এসে তিনি দেখেন, শিশুটির দুই চোখে সুপার গ্লু আঠা দেওয়া। তবে নির্যাতনের কারণ তার জানা নেই বলে তিনি জানান।
শিশুটির মা সাহিদা বেগম বলেন, আমি গার্মেন্টসে চাকরি করি। সারাদিন বাড়িতে থাকি না। হঠাৎ জানতে পারি আমার মেয়ে জামাই রাজ্জাক ছোট ছেলেকে বেড়ানোর কথা বলে ডেকে নিয়ে নির্যাতন করে চোখে আঠা লাগিয়ে দিয়েছে। এখন তার অবস্থা খুব খারাপ।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান বলেন, শিশুটির দুই চোখ সুপার গ্লু দিয়ে বন্ধ ছিল এবং শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাকিম বিল্লাহ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শিশুটির দুই চোখে আঠা এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি ধামরাই থানার আওতাধীন এলাকায় সংঘটিত হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আইএনবি/বিভূঁইয়া