আইএনবি ডেস্ক:আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা রাত ১০টা পর্যন্ত বাড়িয়েছে সরকার। সোমবার (৫ অক্টোবর ২০২৬) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখার উপসচিব সোনিয়া বিনতে তাবিব স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, আগামী ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত দেশের বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানসমূহ প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে পূজার ছুটির পরদিন অর্থাৎ আগামী ২৩ অক্টোবর থেকে পূর্বের নির্ধারিত সময়সূচি অনুযায়ী পুনরায় বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার নিয়ম বহাল হবে।
এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর কাছে পাঠানো এক চিঠিতে শারদীয় দুর্গাপূজার কেনাবেচার সুবিধার্থে দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার জোর দাবি জানানো হয়েছিল। চিঠিতে সমিতির নেতারা উল্লেখ করেন যে বৈশ্বিক জ্বালানিসংকটের কারণে ব্যবসায়ীরা এতদিন রাত ৮টা পর্যন্ত দোকান বন্ধ রেখে সরকারকে সহযোগিতা করে আসলেও বর্তমান সংকটাপন্ন অর্থনৈতিক পরিস্থিতিতে পূজা ও উৎসবের সময় ব্যবসা কিছুটা চাঙ্গা হওয়া জরুরি।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে দেশে জ্বালানিসংকট তীব্র হওয়ায় গত এপ্রিল মাসে প্রথমে সন্ধ্যা ৬টা এবং পরবর্তীতে কিছুটা শিথিল করে রাত ৮টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। সর্বশেষ গত ১২ আগস্ট সরকারের পক্ষ থেকে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা এবং সন্ধ্যা ৭টার মধ্যে আলোকসজ্জা ও আলোকিত বিলবোর্ড বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছিল।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি 













