গাজীপুর প্রতিনিধি: ঈদুল আযহা উপলক্ষে বাড়ি ফেরা মানুষের ভিড় ও গাড়ির চাপে গাজীপুরে চন্দ্রা-নবীনগর ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহন চলাচলে ধীরগতি।
সোমবার (২৫ মে) দুপুর থেকে যানবাহনের চাপ বাড়তে থাকে।
একপর্যায়ে বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মোড় এলাকার দুই পাশেই যানবাহন চলাচলের ধীরগতি সৃষ্টি হয়েছে।
পুলিশ, যাত্রী ও স্থানীয়রা জানায়, ঈদুল আযহা উপলক্ষে ঢাকা ও গাজীপুরসহ আশপাশ এলাকার বিভিন্ন শিল্প কারখানা ছুটি শুরু হয়েছে।
আর ছুটির পরপরই বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক সহ বিভিন্ন পেশার মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। এতে করে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং চন্দ্রা-নবীনগর সহ বিভিন্ন সড়ক মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে।
গাজীপুরের চন্দ্র এলাকায় প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। ফলে বাড়ি ফেরার মানুষেরও ভোগান্তির সৃষ্টি হয়েছে।
মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। শুধু যানবাহনের ধীরগতি নয় বৃষ্টির কারণেও মানুষের ভোগান্তি বেড়েছে।
গাজীপুরে নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সওগাতুল আলম বলেন, বাড়ি থেকে মানুষের ভিড় বেড়ে যাওয়ায় মহাসড়কে যানবাহনেরও চাপ বেড়ে গেছে। ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কিছু এলাকা জুড়ে দীর্ঘদিনে যানবাহন চলাচল করছে। তবে পুলিশ যানবাহন স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে।
আইএনবি/বিভূঁইয়া