ঢাকার কোন আসনে কত ভোটার স্থানান্তর হয়েছে জানাল ইসি

আইএনবি ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘অস্বাভাবিকভাবে’ ভোটার স্থানান্তর হয়েছে দাবি করে বিএনপি বারবার ভোটের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ আনছে। বিশেষ করে ঢাকার কিছু আসনে ব্যাপক হারে ভোটার স্থানান্তর হওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের (ইসি) সামনেও এনেছে দলটি। তবে নির্বাচন কমিশন (ইসি) বলছে, যে হারে ভোটার স্থানান্তর হয়েছে তা স্বাভাবিক।

গণভোট ও সংসদ নির্বাচনকে সামনে রেখে গত বছরের আগস্টে ভোটার এলাকা পরিবর্তনে আবেদন আহ্বান করে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। এ ছাড়া পুরো বছর ধরে কার্যক্রমটি পরিচালনা করে।

গত নভেম্বরে পর্যন্ত ঢাকা অঞ্চলে ভোটার এলাকা পরিবর্তন করেন ৮৬ হাজার ৮২৫ জন, ফরিদপুর অঞ্চলে ৩৯ হাজার ৯৫ জন, খুলনা অঞ্চলে ৮১ হাজার ৭২৫ জন, ময়মনসিংহ অঞ্চলে ৭৮ হাজার ৮০৫ জন, রংপুর আঞ্চলে ৬৩ হাজার ৮৯৭ জন, সিলেট অঞ্চলে ২৭ হাজার ৫৭৬ জন, রাজশাহী অঞ্চলে ৭২ হাজার ৮১৫ জন, বরিশাল অঞ্চলে ৮৫ হাজার ৭২০ জন, কুমিল্লায় ১ লাখ ৫ হাজার ৫৪৩ জন এবং চট্টগ্রামে ৩০ হাজার ৮৫ জন এলাকা পরিবর্তন করেছেন। ঢাকা জেলার ২০টি আসনে ভোটার এলাকা পরিবর্তন করেন ৪৯ হাজার ৯৯২ জন।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা-১৭ আসনে ভোটার স্থানান্তর হয়েছে ৩ হাজার ৩৯ জন।বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ঢাকা-১৫ আসনে ভোটার স্থানান্তর হয়েছে ৩ হাজার ৫২০ জন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ঢাকা-১১ আসনে ভোটার স্থানান্তর হয়েছে ৩ হাজার ১৪১ জন, এনসিপির সাবেক নেতা ও স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার ঢাকা-৯ আসনে ভোটার স্থানান্তর হয়েছে ২ হাজার ৬৩৪ জন। আর বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ও এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর ঢাকা-৮ আসনে ভোটার স্থানান্তর হয়েছে ৩ হাজার ৬৩৩ জন।

ইসির তালিকা থেকে জানা গেছে, সবচেয়ে বেশি ভোটার স্থানান্তর হয়েছে ঢাকা-১ আসনে ৪ হাজার ৭৩২ জন। আর সবচেয়ে কম ভোটার স্থানান্তর হয়েছে ঢাকা-৭ আসনে ৬৭৬ জন।

আইএনবি/বিভূঁইয়া