আইএনবি ডেস্ক:রাজধানীর ভাটারা থানাধীন পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১ এলাকায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৮৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগ। আটককৃতদের মধ্যে ৫৮ জন তরুণ, ২৬ জন তরুণী এবং একজন আফগান নাগরিক রয়েছেন। এছাড়া আটক তরুণ-তরুণীদের মধ্যে এক পুলিশ কর্মকর্তার দুই মেয়েও রয়েছেন বলে জানা গেছে।
সোমবার গভীর রাতে ডিবি পুলিশের উত্তরা বিভাগের একটি দল এই অভিযান পরিচালনা করে। তিন তলা বিশিষ্ট ওই বাড়িটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মদ, গাঁজা, কনডম, ইয়াবাসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। গোয়েন্দা সূত্রে জানা যায়, অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির অনলাইনে ‘এয়ারবিএনবি’ অ্যাপসের মাধ্যমে বাড়িটি স্বল্প মেয়াদে ভাড়া দিতেন এবং দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তি পার্টি বা রাতযাপনের জন্য এটি বুক করতেন। বাড়িটি দেখভালের জন্য মাহবুব আলম নামের একজন কো-হোস্ট নিযুক্ত ছিলেন। অনলাইনে বুকিং নেওয়া এই বাড়িটিতে ডিজে পার্টির আড়ালে মাসে ১৮ থেকে ২০টি প্রোগ্রাম হতো এবং প্রতিটি প্রোগ্রামে লাখ টাকার ওপরে ভাড়া আদায় করা হতো। এ থেকে আয়ের ৭০ ভাগ সরাসরি ওই পুলিশ কর্মকর্তার অ্যাকাউন্টে জমা হতো বলে জানা গেছে।
এদিকে এই ঘটনার পর পুলিশ সদর দপ্তরের এক অফিস আদেশে অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি ভাটারা এলাকায় তাঁর এই সাড়ে ৬ কাঠা জমির উৎস নিয়েও প্রশ্ন উঠেছে। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির দাবি করেছেন যে তিনি অনলাইনে নিয়মিত নিয়ম মেনে বাড়িটি ভাড়া দিতেন এবং সেখানে অবৈধ কাজের দায় তাঁর নয়। তাঁর ভাষ্যমতে, জন্মদিনের পার্টির কথা বলে বাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল এবং সেখানে এ ধরনের কর্মকাণ্ড চলবে তা তাঁর জানা ছিল না। বর্তমানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

ডিজে পার্টির নামে অসামাজিক কাজ, পুলিশ কর্মকর্তার দুই মেয়েও আটক 
























