আইএনবি ডেস্ক:আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে সারা দেশের গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে এক ঐতিহাসিক মহাসমাবেশ আয়োজন করতে যাচ্ছে সরকার। মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সচিবালয়ে প্রস্তুতিমূলক সভা শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম নিশ্চিত করেন যে, রাজধানীর সাবেক বাণিজ্যমেলার মাঠে আয়োজিত এই মহাসমাবেশে প্রায় ৫০ হাজার গ্রাম পুলিশ সদস্য অংশ নেবেন এবং এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে তৃণমূলের গ্রাম পুলিশদের সরাসরি কথা শুনতে প্রধানমন্ত্রী এই পদক্ষেপ নিয়েছেন। ৭ নভেম্বর বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই মহাসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং সভাপতিত্ব করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। দেশে বর্তমানে কর্মরত প্রায় ৪৭ হাজার গ্রাম পুলিশের আইনগত ক্ষমতা বৃদ্ধি, বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা সংস্কারের লক্ষ্যে স্থানীয় সরকারের উপপরিচালকদের (ডিডিএলজি) সাত কর্মদিবসের মধ্যে প্রস্তাব জমা দিতে বলা হয়েছে, যা প্রধানমন্ত্রীর অনুমোদনের পর এই সমাবেশেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
একই প্রেস ব্রিফিংয়ে দেশব্যাপী ডেঙ্গু পরিস্থিতি ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, পূর্ববর্তী বছরের তুলনায় ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কম হলেও প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আগামী দিন থেকে উপজেলা ও পৌরসভা পর্যায়ে ব্যাপক মাইকিং, পরিচ্ছন্নতা অভিযান এবং সামাজিক সচেতনতামূলক প্রচার চালাবে সরকার। স্কাউট, রেড ক্রিসেন্ট ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মাধ্যমে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত প্রতি শনিবার এডিস মশার লার্ভা ধ্বংসে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি ঘোষণা দেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews