আইএনবি ডেস্ক: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা শেষে ৩ মাস ২৫ দিন পর দেশে ফিরছেন । সব কিছু ঠিক থাকলে ৪মে লন্ডন থেকে বেগম জিয়াকে বহনকারী উড়োজাহাজ রওনা দেবে এবং ৫ই মে বাংলাদেশে পৌঁছবে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে ফ্লাইটের সময়সূচি এখনো বলা হয়নি।
এদিকে চেয়ারপারসনের দেশে ফেরার বিষয়ে জানতে সাংবাদিকদের পক্ষ থেকে টেলিফোন করা হলে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানান, ৪-৫ মে খালেদা জিয়া দেশে ফিরতে পারেন। তার সাথে দেশে ফিরবেন দুই পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।
তবে কাতার এয়ারওয়েজের বিশেষায়িত এয়ার এম্বুলেন্স ফিরবেন কিনা বিষয়টি নিশ্চিত করেননি ডাক্তার জাহিদ হোসেন। তিনি বলেছেন, কাতার এয়ারওয়েজের বিশেষায়িত এয়ার এম্বুলেন্স বা বাংলাদেশ বিমানের মধ্যে যেটি আগে পাওয়া যাবে সেটিতেই ফ্লাই করা হবে।
উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত ৮ই জানুয়ারি লন্ডনে আসেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। লন্ডনের ’দ্য লন্ডন ক্লিনিকে ' প্রফেসর প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে ১৮ দিন চিকিৎসা গ্রহণ করেন তিনি। পরবর্তীতে ডাক্তারদের পরামর্শে বেগম জিয়াকে ছেলে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়।
সেখানেও প্রফেসর প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্ববধানে চিকিৎসা চলে। চিকিৎসকের অনুমতিক্রমেই দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন। পুরোপুরি সুস্থ না হলেও উন্নত চিকিৎসা গ্রহণ ও পরিবারের সদস্যদের সান্নিধ্যে থেকে আগের থেকে অনেকটাই সুস্থ আছেন সাবেক এই প্রধানমন্ত্রী।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews