আইএনবি ডেস্ক: শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার স্বতঃস্ফূর্ত বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে একটি নতুন পাঠ্যপুস্তক প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. মোক্তার আলীর এক প্রশ্নের লিখিত উত্তরে শিক্ষামন্ত্রী এতথ্য জানান।
এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
মোক্তার আলী জানতে চান, মাধ্যমিক শিক্ষা স্তরে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে কোনো কার্যক্রম গ্রহণ করা হবে কি না। হলে তা কী ধরনের হবে?
জবাবে শিক্ষামন্ত্রী জানান, মাধ্যমিক শিক্ষা স্তরে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়াকে আনন্দময় করতে এবং তাদের সুপ্ত প্রতিভার স্বতঃস্ফূর্ত বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে একটি নতুন পাঠ্যপুস্তক প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পাঠ্যপুস্তকটি শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা, আত্মপ্রকাশের সক্ষমতা এবং বহুমাত্রিক প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে।
এর মাধ্যমে শিক্ষার্থীদের শিখন কার্যক্রম আরও আনন্দময় ও অংশগ্রহণমূলক হবে। পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগও সম্প্রসারিত হবে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews