ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে পিটুনিতে নিহত যুবলীগ কর্মী মেহেদী হাসানের মরদেহ ৩৬ ঘণ্টা পর মর্গ থেকে গ্রহণ করেছেন তার স্ত্রী মিম আক্তার। মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) বিকেল ৪টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গ থেকে স্বজনদের সঙ্গে নিয়ে মরদেহ বুঝে নেন তিনি। তবে নিজ বাড়িতে মরদেহ নিলে তা পুড়িয়ে ফেলা হতে পারে- এমন হুমকির মুখে শেষ পর্যন্ত স্বামীর মরদেহ নগরের মাসকান্দা এলাকার গণসার মোড়ে অবস্থিত মেহেদীর নানার বাড়িতে নিয়ে সিটি করপোরেশন গোরস্থানে দাফনের সিদ্ধান্ত নেন স্বজনেরা।
নিহত মেহেদী হাসান ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকার সাইফুল ইসলামের ছেলে এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কর্মী ছিলেন। তার বড় ভাই জাহাঙ্গীর আলম ওই ওয়ার্ড যুবলীগের সভাপতি। স্ত্রী মিম আক্তার জানান, তার স্বামীর পরিবারের সঙ্গে স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা মো. সুরুজ জামানের বালুর ব্যবসা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। গত রোববার সন্ধ্যা ৭টার দিকে মধ্য বাড়েরা মজিদ মার্কেটসংলগ্ন সড়কে ছোট মেয়ের সামনেই সুরুজ জামানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এর জেরে ওই দিন দিবাগত রাত ১টার দিকে মেহেদীদের বাড়িতে আগুন দেওয়া হলে তা দেখতে গিয়ে উত্তেজিত জনতার পিটুনিতে নিহত হন মেহেদী।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার ভোর ৪টা ১৫ মিনিটের দিকে এলাকাবাসী মেহেদীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভয়ে এতক্ষণ কেউ মরদেহ নিতে না এলেও মঙ্গলবার বিকেলে ময়নাতদন্ত শেষে কোতোয়ালি মডেল থানার এসআই রুহুল আমিন স্ত্রীর কাছে মরদেহ হস্তান্তর করেন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে নানার বাড়ির সামনে মরদেহ নেওয়ার পর বাদ এশা সিটি করপোরেশন গোরস্থান জামে মসজিদে জানাজা শেষে তাকে দাফন করার প্রস্তুতি নেওয়া হয়। তবে বর্তমান পরিস্থিতির কারণে ভয়ে এখনই স্বামী হত্যার মামলা করতে সাহস পাচ্ছেন না বলে জানান মিম আক্তার।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, মরদেহ দাফনে হুমকির বিষয়ে পরিবারের পক্ষ থেকে পুলিশকে কিছু জানানো হয়নি। অন্যদিকে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ জামান হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং মেহেদীর পরিবারও অভিযোগ দিলে মামলা নিতে পুলিশের কোনো বাধা নেই।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews