আইএনবি ডেস্ক: নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর’র সাজাপ্রাপ্ত পলাতক আসামি শীর্ষ জঙ্গি নেতা আহম্মেদ নিজাম (৩৫) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন র্যাব-২।
বুধবার (১৭ জানুয়ারি) সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে রাজধানীর কোতোয়ালি থানা এলাকা থেকে মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।
শিহাব করিম বলেন, আহম্মেদ নিজাম নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর এর শীর্ষ জঙ্গি এবং দাওয়াতি বিভাগের দায়িত্বে রয়েছেন। তিনি দীর্ঘ দিন ধরে আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলেন।
আত্মগোপনে থেকে জঙ্গি সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখে। আহম্মেদ নিজামের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ১টি পুলিশ এ্যাসাল্ট মামলা ও ৪টি সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। এছাড়া খিলগাঁও থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ২ বছরের সাজায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর জঙ্গি প্রতিরোধ সেলের একটি বিশেষ আভিযানিক দল গত রাজধানীর কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে আহম্মেদ নিজামকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তিনি ২০১০ সালে একটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয় পড়াশোনা সম্পন্ন করেন। পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে পড়া অবস্থায় তিনি উগ্রবাদী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর’ এর সাথে সম্পৃক্ত হয়। পরবর্তীতে তিনি ঢাকার বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে চাকুরি করেছে এবং বর্তমানে তিনি বাসায় বসে অনলাইনে ফ্রিল্যান্সিংয়ের কাজ করেন। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র জঙ্গিবাদী বই প্রচার ও নওযুবক তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিল। তিনি অফলাইন ও অনলাইনের মাধ্যমে হিযবুত তাহরীর গ্রপে লিডারদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে বিভিন্ন মসজিদে রাষ্ট্র ও সরকার বিরোধী লিফলেট বিতরণ ও দাওয়াতি কাজ করতেন।
গ্রেফতারকৃত আসামির কাছ থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি। সেই সঙ্গে গ্রেফতারকৃত আসামিকে রাজধানী খিলগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews