ক্রীড়া ডেস্ক: আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে হঠাৎ করেই অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার দিনই বাংলাদেশের ওয়ানডে দলের এই অধিনায়ক তার সিদ্ধান্তের কথা জানান।
তামিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ সময় ভোর ৪টার দিকে লিখেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।’
ক্রিকেটের এই ফরম্যাট থেকে অনেক দিন ধরেই দূরে আছেন তামিম। খেলেননি গেল বছর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপেও। এরপর জানিয়েছিলেন, অন্তত ছয় মাস দূরে থাকতে চান টি-টোয়েন্টি থেকে। এবার শেষমেশ অবসরের ঘোষণাই দিয়ে বসলেন তিনি।
গত ২৭ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন হঠাৎ করেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিরতির ঘোষণা দেন এই ওপেনার। সেই বিরতির মেয়াদ ছিল ছয় মাস। বিরতি শেষ হওয়ার কথা আগামী ২৭ জুলাই।
এই ফরম্যাট থেকে ছুটিতে থাকায় ওয়েস্ট ইন্ডিজে চলমান টি-টোয়েন্টি সিরিজে অংশ নেননি তামিম।
২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটাই হয়ে থাকবে তামিমের শেষ টি-টোয়েন্টি ম্যাচ। ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল তামিমের।
এখন পর্যন্ত ৭৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১টি সেঞ্চুরি এবং ৭টি হাফ সেঞ্চুরির সুবাদে ১,৭৫৮ রান করেছেন তামিম। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে ওমানের বিপক্ষে ক্যারিয়ার সর্বোচ্চ ১০৩* রান করেছিলেন এই তারকা ক্রিকেটার।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews