কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শাটিষক গ্রামের নুরুন্নবী ওরফে নুর আলমের ছেলে মো. মোজাম্মেল হোসেন রাজু স্ত্রী খালেদা আক্তারকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৩ মে) বেলা ১২টায় কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, রাজু ও খালেদার (২৩) মীম নামে তিন বছর বয়সী একটি মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে রাজু বেকার থাকায় খালেদা মেয়েকে নিয়ে বাবার বাড়ি নাঙ্গলকোটের দৈয়ারায় থাকতেন। ২০১৮ সালের ২ নভেম্বর রাজু শ্বশুরবাড়ি বেড়াতে যান। পরদিন ভোরে স্ত্রীকে তার কাপড় ধুয়ে দিতে বলেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে গলায় ওড়না পেঁচিয়ে খালেদাকে শ্বাসরোধে হত্যা করেন রাজু। এরপর মরদেহ পুকুর ঘাটের কাছে ফেলে রেখে পালিয়ে যান। পরে পুকুর ঘাটে মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা।
এ ঘটনায় খালেদার বাবা মো. মোবারক হোসেন বাদী হয়ে রাজুকে আসামি করে নাঙ্গলকোট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ওই থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল রানা তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাজুকে গ্রেপ্তার করেন। পরে তাকে আদালতে সোপর্দ করলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে জামিন নিয়ে আত্মগোপন করেন তিনি।
বৃহস্পতিবার আসামির অনুপস্থিতিতে এ রায় দেন বিচারক।
এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি আমিনুল ইসলাম বলেন, আশা করছি, উচ্চ আদালতে এ রায় বহাল থাকবে।
আইএনবি / বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews