নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর উপজেলায় বিনোদপুর ইউনিয়নের দক্ষিণ জামালপুর গ্রামে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
এই শিক্ষার্থী স্থানীয় নরপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
রোববার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ওই ছাত্রীকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ওই স্কুলছাত্রী জানান, প্রতিদিনের ন্যায় রোববার দুপুর ২টার দিকে স্কুল থেকে একা বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে আটখোলা বাড়ির সামনে পৌঁছলে একটি অটোরিকশা এসে তার পিছনে দাঁড়ায়। ওই সময় অটোরিকশা থেকে মাস্ক পরা এক লোক তাকে পিছন থেকে মুখ চেপে ধরে ধারালো কিছু দিয়ে গলা কাটার চেষ্টা করে। পিছন থেকে একটি সিএনজি আসতে দেখে লোকটি পুনরায় অটোরিকশায় উঠে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা ছাত্রীটিকে উদ্ধার করে। তবে হামলাকারীর মুখে মাস্ক থাকায় শিক্ষার্থী তাকে চিনতে পারেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে পুলিশ।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews