আন্তর্জাতিক ডেস্ক: আইএসের (ইসলামিক স্টেট) নেতা আবু বকর আল বাগদাদি নিহত হওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। যুবরাজ মোহাম্মদ ঐ অভিযানকে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন বলে গতকাল মঙ্গলবার সৌদি রাষ্ট্রীয় টেলিভিশন প্রতিবেদনে বলা হয়েছে। খবর রয়টার্সের।

শনিবার রাতে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কট্টরপন্থি বিদ্রোহীদের অধিকৃত প্রদেশ ইদলিবে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের চালানো এক অভিযানে আইএসের নেতা বাগদাদি নিহত হন। ট্রাম্পের নির্দেশে এক সপ্তাহ আগে গোপন ঐ অভিযান শুরু করেছিল মার্কিন বাহিনী। রবিবার এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তাদের ‘স্পেশাল ফোর্সের’ অভিযানের মধ্যে বিস্ফোরকভর্তি বেল্টের বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হন বাগদাদি। অপর প্রান্ত দিয়ে বের হওয়ার সুযোগ না থাকা একটি সুড়ঙ্গের ভেতরে দৌড়ে গিয়ে বিস্ফোরণ ঘটান বাগদাদি। যুক্তরাষ্ট্রের কুকুরগুলো তাড়া করায় ‘চিত্কার, আর্তনাদ ও কান্না করতে করতে’ পালানোর চেষ্টা করছিলেন তিনি।
ট্রাম্পের ভাষ্যমতে, এ সময় তিন শিশুসন্তান বাগদাদির সঙ্গে ছিল, বিস্ফোরণ ঘটিয়ে সবাইকে নিয়ে মারা যান তিনি। বিস্ফোরণে তার দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। পরে ডিএনএ টেস্টে তার বিষয়ে নিশ্চিত হওয়া যায়। ইসলামী রীতিতে বাগদাদির শেষকৃত্য সম্পন্ন করে তার দেহাবশেষ সাগরে ফেলে দেওয়া য়েছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।
ইত্তেফাক
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews