আইএনবি ডেস্ক: সুপ্রিম কোর্টে দুই দিন ভার্চুয়াল আদালত স্থগিত করে বিজ্ঞপ্তি জারি করেছে প্রশাসন। রবিবার প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার আশিকুল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের ভার্চুয়াল কার্যক্রম স্থগিতকরণ প্রসঙ্গে। আদেশক্রমে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের (চেম্বার কোর্টসহ) প্রতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবারের ভার্চুয়াল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে সপ্তাহে প্রতি বুধবার ও বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল উপস্থিতিতে আদালত পরিচালিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন-২০২০ এবং সুপ্রিম কোর্টের জারি করা প্র্যাকটিস নির্দেশনা অনুসরণ করে প্রতি বুধবার ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল উপস্থিতিতে আদালত পরিচালিত হবে।
সপ্তাহের অন্যান্য কার্যদিবসে সশরীরে উপস্থিতির মাধ্যমে আদালত পরিচালিত হবে।
এতে আরও বলা হয়, সুপ্রিম কোর্টের উভয় বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ভার্চুয়াল উপস্থিতিতে শুনানিযোগ্য মামলার দৈনন্দিন কার্যতালিকা এবং ভার্চুয়াল (মিটিং) আইডি সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বেঞ্চ থেকেও এ তথ্য জানা যাবে।
নির্দেশনাটি ২২ এপ্রিল থেকে কার্যকর হয় এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ ছিল।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews