সুনামগঞ্জ প্রতিনিধি: টানা বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সুনামগঞ্জে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ইতোমধ্যে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় পানিবন্দি অবস্থায় রয়েছেন কয়েক লাখ মানুষ।
বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ৯টার দিকে সুরমা নদীর পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এছাড়া কুশিয়ারা, যাদুকাটা, বৗলাই, রক্তি নদীসহ এ জেলার ওপর দিয়ে প্রবাহিত সব নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়া অব্যাহত রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, আগামী ১৭ ও ১৮ জুন ভারতের মেঘালয়ে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে নদীর পানি আরো বাড়তে পারে।
এদিকে গত দুই দিন ধরে ঢলের পানিতে শহরের উকিলপাড়া, সাহেববাড়িঘাট, নবীনগর, কাজিরপয়েন্টসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। সড়কগুলো তলিয়ে গিয়ে হাটু পানি দিয়ে চলাচল করতে দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষজন।
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় সিলেটসহ সারাদেশের সঙ্গে এ অঞ্চলের যোগাযোগ বন্ধ রয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সামসুদ্দোহা বলেন, সুনামগঞ্জের নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়া অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews