সাভার প্রতিনিধি: ঢাকার সাভারে রোববার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) জাতীয় স্মৃতিসৌধের সামনে ফুটপাতে দীর্ঘদিন ধরে চাঁদাবাজির অভিযোগে হাতেনাতে নগদ টাকাসহ ১০ চাঁদাবাজকে আটক করেছে ।
সোমবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় র্যাব-৪ এর পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
আটকেরা হলেন— কিশোরগঞ্জ জেলার মাসুদ রানা (৪০), ময়মনসিংহের ইকবাল হোসেন রতন (৪২), যশোরের পান্নু হাওলাদার, রংপুরের আলম মোল্লা (৩৭), ফরিদপুরের আব্দুল্লাহ আল হেলাল (২০) ও ঢাকা জেলার মো. বিপ্লব (৩০), জাহাঙ্গীর (৪৮), আনোয়ার শেখ (৪২), শাহাদত হোসেন (৩০), সঞ্চয় (৩০)।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, নবীনগর এলাকায় ফুটপাত থেকে চাঁদা আদায়ের গোপন সংবাদে রোববার রাতে অভিযান পরিচালনা করে র্যাব। এসময় প্রকাশ্যে চাঁদাবাজীকালে নগদ ৪ হাজার ২০০ টাকাসহ ১০ চাঁদাবাজকে আটক করা হয়।
র্যাব আরও জানায়, আটকরা পেশাদার চাঁদাবাজ। দীর্ঘদিন ধরে নবীনগর এলাকার ফুটপাতের বিভিন্ন দোকান হতে ১০০-২০০ টাকা করে চাঁদা আদায় করে আসছিল তারা। কেউ চাঁদার টাকা দিতে না চাইলে তারা তাকে বিভিন্ন ভয়-ভীতি সহ প্রাণনাশের হুমকি দিতো। এমনকি ওই স্থান হতে দোকান উঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে জোরপূর্বক চাঁদার টাকা আদায় করে আসছিলো।
র্যাব-৪ (সিপিসি-২) শাখার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। ভবিষ্যতে এইরুপ সংঘবদ্ধ চাঁদাবাজদের বিরুদ্ধে তাদের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews