আইএনবি ডেস্ক: কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলে । এরপর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে লন্ডনে।
আজ শনিবার দুপুরে একথা জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী। বিএনপির পক্ষ থেকে এনামুল হক কাতার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন।
এনামুল হক চৌধুরী বলেন, ‘ম্যাডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে পাঠাবে কাতার। সেইভাবে তারা প্রস্তুত রয়েছে।'
তিনি আরও বলেন, ‘মেডিকেল বোর্ড যখনই সিদ্ধান্ত জানাবে তখনই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে এবং ম্যাডাম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাবে। সব কিছুর ব্যবস্থা কাতার কর্তৃপক্ষ করেছে।'
জার্মানি থেকে অ্যাম্বুলেন্স আনার বিষয়ে জানতে চাইলে এনামুল হক বলেন, ‘জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ঠিক আছে। আমরা নই, কাতার কর্তৃপক্ষই জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিচ্ছে। অর্থাৎ বিএনপি চেয়ারপারসনের জন্য রয়েল কর্তৃপক্ষের তত্ত্বাবধায়নে সব কিছু হচ্ছে। এখানে আমাদের কিছু নেই।’
এদিকে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই আছে। মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন। একাধিক চিকিৎসকের সঙ্গে আলাপ করে জানা যায়, বিএনপি চেয়ারপারসন এখনো ফ্লাই করার সক্ষমতা অর্জন করেননি। সেজন্য লন্ডন যাত্রা বিলম্ব হচ্ছে। তবে তারা জানান, গত দুই দিনে মেডিকেল বোর্ড কিছু পরীক্ষা করেছে, তার প্রতিবেদনও তারা পর্যালোচনা করছেন।
শুক্রবার দুই দফা মেডিকেল বোর্ডের বৈঠক হয়। প্রতিদিনই বোর্ডের সভায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার নিয়মিত প্রতিবেদন পর্যালোচনা করা হচ্ছে।
খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড তার চিকিৎসা দিচ্ছে। এই মেডিকেল বোর্ডে তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সদস্য। শুক্রবার তিনি লন্ডন থেকে ঢাকায় আসেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews