আইএনবি ডেস্ক: আগামী ডিসেম্বরে ক্ষমতাচ্যুত ও দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ও রাজনৈতিক আলোচনার প্রেক্ষাপটে প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে কোনো ধরনের ‘ধীরে চলো নীতি’ বা ‘অপেক্ষা করার প্রবণতা’ কাজ করছে কি না, তা নিয়ে জরুরি সচিব সভায় কড়া প্রশ্ন তুলেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এই জরুরি সভায় তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের কাছে প্রশাসনিক কার্যক্রমে গতি বাড়ানোর কঠোর নির্দেশনা দেন।
সভায় উপস্থিত সূত্রগুলোর বরাতে জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপসচিব মোহাম্মদ নাজিমুল হায়দারের স্বাক্ষরিত এক জরুরি নোটিশে দুপুর আড়াইটায় এই সভা আহ্বান করা হয়। বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলা ওই বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব প্রশ্ন তোলেন—প্রশাসনের কোনো পর্যায়ে কেউ কাজে গতি না ফিরিয়ে ডিসেম্বরের জন্য অপেক্ষা করছেন কি না। তিনি বিভিন্ন মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো প্রস্তাব এবং সংশ্লিষ্ট সারসংক্ষেপ (সামারি) বিলম্ব না করে দ্রুত পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে চলমান শ্রমিক অসন্তোষ ও সমসাময়িক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং গৃহীত নানা উদ্যোগের অগ্রগতি জনগণের সামনে জোরালোভাবে তুলে ধরার জন্য মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে অংশ নেওয়া একজন সচিব নাম প্রকাশ না করার শর্তে জানান, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি সরকার রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বলে সভায় আলোচনা হয়েছে। তবে রাজনৈতিক ও অর্থনৈতিক নানা প্রতিকূলতা সত্ত্বেও দেশে-বিদেশে সরকারের প্রতি তৈরি হওয়া সমর্থন ধরে রাখতে এবং প্রশাসনিক কর্মতৎপরতা বাড়াতে সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে সরকারের অর্জনগুলোর তথ্য সাধারণ মানুষের সামনে উপস্থাপন করতে বলা হয়েছে।
মূলত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানান। এর পরপরই গত ৯ নভেম্বর তাঁর আইনজীবীরা নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন করলে প্রশাসনের ভেতরে ও বাইরে নতুন করে আলোচনা শুরু হয়।
তবে সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, দণ্ডিত পলাতক আসামি হিসেবে শেখ হাসিনাকে সাধারণ নাগরিকের মতো কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির কঠোর প্রতিক্রিয়া জানিয়ে বলেন, "শেখ হাসিনা একজন পলাতক, ফ্ল্যাগড সন্ত্রাসী ও ক্রিমিনাল। সে কি তার শ্বশুরবাড়ি রংপুরে বেড়াতে আসছে যে তাকে পাসপোর্ট দিতে হবে? একজন ক্রিমিনালকে ধরতে পাসপোর্ট লাগে না, লাগে জুডিশিয়াল প্রসেস।" বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির (এক্সট্রাডিশন ট্রিটি) আওতায় আইনি প্রক্রিয়ায় তাঁকে দেশে ফিরিয়ে আনা হবে বলে তিনি স্পষ্ট করেন।
অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পাসপোর্টের জন্য করা ওই আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে। পাশাপাশি দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারকে এরই মধ্যে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews