লক্ষ্মীপুর প্রতিনিধি:সংসদে বিরোধী দল সুন্দর সুন্দর কথা বললেও বাইরে তারা একাত্তরের রূপ ধারণ করে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
আজ শনিবার বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিষয়ক বার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে আয়োজিত এক শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর জেলা বিএনপির ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে সদর ও চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
পানিসম্পদ মন্ত্রী বলেন, "যাঁরা গ্যাস ও বিদ্যুতের দাবিতে লংমার্চ করছেন, তাঁদের এই লংমার্চ কতটুকু যৌক্তিক? আমরা শপথ নেওয়ার পর থেকেই তাঁরা লাগাতার আন্দোলন ও প্রতিবাদের হুংকার দিয়ে আসছেন। সংসদে সুন্দর সুন্দর কথা বললেও বাইরে এলে তাঁরা স্বাধীনতার সময়ের মতো উগ্র রূপ ধারণ করেন।"
বিরোধী দলের নেতা জামায়াতের আমির শফিকুর রহমানকে উদ্দেশ্যে করে তিনি বলেন, "সংসদে আমির সাহেব প্রধানমন্ত্রীর পক্ষে বিচার চেয়েছেন, পরিবারকে গালিগালাজের প্রতিবাদ করেছেন। অথচ তাঁদের দলেরই লোক দীর্ঘদিন ধরে জিয়া পরিবার ও বিএনপি নেতাদের নিয়ে অশালীন মন্তব্য করলেও তিনি কখনো বারণ করেননি। কারণ তাঁরা রাজনৈতিক শিষ্টাচার বোঝেন না; ফ্যাসিবাদের মতো আচরণ করাই তাঁদের অভ্যাস।"
একজন আসামির গ্রেপ্তার প্রসঙ্গে তিনি আরও বলেন, "একজন ব্যক্তি চরম অশ্লীল ভাষায় গালাগাল করেছে। সংসদে আমির সাহেব বিচারের কথা বললেন, অথচ লংমার্চে গিয়ে বলছেন তাকে 'ভালোই ভালোই ছেড়ে দিতে'। এই দ্বিমুখী আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, "এক ধ্বংসস্তূপের মধ্য থেকে আমরা দায়িত্ব নিয়েছি। মাত্র ছয় মাসেই সব সংকট সমাধান করা সম্ভব নয়। আমরা চেষ্টা করছি, তবে রাতারাতি বিদ্যুতের সমস্যা বা লোডশেডিং সমাধান করা সম্ভব হয়নি। এই সংকট কাটাতে আমাদের আরও কিছুটা সময় দিতে হবে, এটাই বাস্তবতা।"
অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা আবুল হাশেম, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান চৌধুরী মিন্টুসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews