বিনোদন ডেস্ক: শুটিং চলাকালীন ছোটপর্দার অভিনেত্রী শারমিন আঁখি বৈদ্যুতিক শর্ট সার্কিট বিস্ফোরণে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন । গত শনিবার রাজধানীর মিরপুরে একটি টেলিছবির শুটিংয়ে এ ঘটনা ঘটে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এই অভিনেত্রীর চিকিৎসা চলছে । বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল। তিনি জানান, গতকাল তার সঙ্গেই একটি টেলিছবির কাজ করছিলেন শারমিন আঁখি।
এদিকে আঁখির স্বামী নির্মাতা রাহাত কবির জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটে দগ্ধ হয়ে আঁখির শরীর ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। গতকাল মিরপুর সাড়ে এগারোতে টেলিছবির শুটিং হচ্ছিল। দুপুরের দিকে আঁখি মেকআপ নিয়ে ওয়াশরুমে যায় চুল ঠিক করতে। হেয়ার স্টেটমেন্ট অন কিংবা অফ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
রাহাত বলেন, ‘শুটিং হাউজটি সম্পূর্ণ নতুন। এটি এই হাউজের দ্বিতীয় কাজ। পেইন্টিংয়ের স্মেল থেকেও দুর্ঘটনাটি হতে পারে। তবে কেউ নির্দিষ্ট কিছু বলতে পারছে না। বিস্ফোরণে বাথরুমের দরজা ভেঙে যায়।’
উল্লেখ্য, এক দশকেরও বেশি ধরে অভিনয় করছেন শারমিন আঁখি। শোবিজে আঁখির যাত্রা শুরু হয় ‘অরিন্দম নাট্য সম্প্রদায়’র মধ্য দিয়ে। পরবর্তীতে নাম লেখান টিভি নাটকে। কাজ করেছেন নাটক, সিনেমা, বিজ্ঞাপন, মিউজিক ভিডিও এবং টেলিছবিতেও।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews