আইএনবি নিউজ: একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আয়োজন ঘিরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকাকে পাঁচটি সেক্টরে বিভক্ত করে তিন ধাপের নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার বেলা ১১ টায় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

র্যাব ডিজি বলেন, অমর একুশের নানা আয়োজনকে নির্বিঘ্ন করতে বহুমুখী নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় তিন ধাপে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে র্যাবের। আজ দুপুর পর্যন্ত প্রথম ধাপ, আজ দুপুর থেকে শুক্রবার দুপুর পর্যন্ত দ্বিতীয় ধাপ এবং পরবর্তী সময়ে তৃতীয় ধাপের নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে। তবে দ্বিতীয় ধাপের নিরাপত্তা ব্যবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
কেন্দ্রীয় শহীদ মিনার এলাকাকে পাঁচ সেক্টরে বিভক্ত করে সার্বিক নিরাপত্তায় র্যাব প্রস্তুত থাকবে জানিয়ে তিনি বলেন, পুরো এলাকায় পর্যাপ্ত পরিমাণ ফুট পেট্রোল, বাইক ও কার পেট্রোল টিম নজরদারি করবে। সাদা পোশাকে বিপুল সংখ্যক র্যাব সদস্য দায়িত্ব পালন করবে।
নিরাপত্তায় র্যাব স্পেশালাইজড ইক্যুয়েপমেন্টের কথা উল্লেখ করে বেনজীর আহমেদ বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় স্পেশাল ফোর্স রিজার্ভ থাকবে এবং র্যাবের হেলকপ্টার স্ট্যান্ডবাই থাকবে।
‘আজিমপুর কবরস্থানেও অনেকে শহীদদের কবরে শ্রদ্ধা জানাবেন, সেখানেও র্যাবের নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে। এছাড়া ঢাকার বাইরে বিভাগীয় এবং জেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ এলাকায় একুশের নিরাপত্তায় র্যাবের নজরদারি থাকবে,’ যোগ করেন তিনি।
‘যেকোনো হুমকির বিষয়টি মাথায় রেখে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে এবং প্রয়োজনে তা হালনাগাদ করা হবে,’ বলেন তিনি।
আইএনবি/এনএম
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews