রংপুর প্রতিনিধি: রংপুরের সাহেবগঞ্জ বিএম কলেজের প্রবেশপত্র না পাওয়ায় দেড় শতাধিক এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। এ ঘটনায় প্রবেশপত্র প্রদানের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
বুধবার (১ ডিসেম্বর) রাতে প্রবেশপত্রের দাবিতে নগরীর সাহেবগঞ্জ-হারাগাছ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। ঘটনার পর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষসহ সংশ্লিষ্টরা গা ঢাকা দেওয়ায় তাদের খুঁজছে পুলিশ।
শিক্ষার্থীরা জানায়, বৃহস্পতিবার (২ ডিসেম্বর) থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। সাহেবগঞ্জ বিএম কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের দেড় শতাধিক শিক্ষার্থী প্রত্যেকে তিন হাজার এক শ টাকা করে দিয়ে পরীক্ষার ফরম পূরণ করে। কলেজের অধ্যক্ষ আইনুল হক বেশ কয়েকদিন ধরে পরীক্ষার প্রবেশপত্র প্রদানের কথা বলে আসছিলেন।
বুধবার দিনভর শিক্ষার্থীদের কলেজে বসিয়ে রাখেন তিনি। পরে সন্ধ্যা ৭টার দিকে তিনি শিক্ষার্থীদের জানান, কারিগরি শিক্ষা বোর্ড থেকে তাদের কারোরই প্রবেশপত্র আসেনি। বোর্ডে কিছু সমস্যা হয়েছে সে কারণে তাদের বৃহস্পতিবার থেকে পরীক্ষা দেওয়া সম্ভব হচ্ছে না।
এ ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। অবস্থা বেগতিক দেখে অধ্যক্ষ পালিয়ে যান। ঘটনার প্রতিবাদে এবং তাদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দানের দাবিতে শিক্ষার্থীরা কলেজের সামনে হারাগাছ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে অভিভাবকরাও তাদের সঙ্গে যোগ দেন। শিক্ষার্থীরা অধ্যক্ষের বাসা ঘেরাও করে রাখে।
শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ তাদের সঙ্গে প্রতারণা করেছেন। সে কারণে অধ্যক্ষকে গ্রেপ্তার ও তাদের পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়ার দাবি জানান তারা।
হারাগাছ থানার ওসি শওকত হোসেন বলেন, এ ঘটনায় অধ্যক্ষসহ সংশ্লিষ্টরা গা ঢাকা দিয়েছে। তাদের খুঁজে পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।
আইএনবি/বিভঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews