রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় এবার মামলা দায়ের করল পুলিশ। মামলায় ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) আমানত উল্লাহ বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার জোনের উপ-পুলিশ কমিশনার সোমবার (১৩ মার্চ) দুপুরে বিভূতিভূষণ ব্যানার্জি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দায়েরকৃত মামলার সব আসামিই অজ্ঞাত। ওই রাতে ঘটনার সময় পুলিশ বক্স ও মোটরসাইকেলে আগুন এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে মতিহার থানায় মামলাটি দায়ের করেছে।
এর আগে, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের পক্ষ থেকে রেজিস্ট্রার আবদুস সালাম বাদী হয়ে মতিহার থানায় অজ্ঞাতনামা ৫০০ জনকে আসামি করে মামলা দিয়েছেন।
মামলা হওয়ার পর পুলিশ একজনকে গ্রেফতারও করেছে। তার নাম তসলিম আলী ওরফে পিটার (৪৫)। তিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারের বাসের চেইন মাস্টার। তার বাড়ি মহানগরীর খোজাপুর এলাকায়। তাকে গতকালই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর কেউ গ্রেফতার হয়নি।
দফায় দফায় সংঘর্ষের ঘটনার পর থেকে সেখানে পুলিশ ও র্যাবের পাশাপাশি সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews