লক্ষ্মীপুর প্রতিনিধি: পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “আমরা রাজনৈতিক যুদ্ধ শেষ করেছি, এখন জীবনযুদ্ধ চালিয়ে যেতে হবে। আবার যেন আমাদের কোনো রাজনৈতিক যুদ্ধ করতে না হয়। বাংলাদেশে শান্তি, সম্প্রীতি ও নাগরিক অধিকার নিশ্চিত করে যেন ইজ্জত-সম্মানের সঙ্গে সবাই মিলেমিশে থাকতে পারি— সেটাই হোক আমাদের সবার অঙ্গীকার।”
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) রাতে লক্ষ্মীপুর পৌর শহরের শাঁখারিপাড়ায় ত্রিনয়নী পূজামণ্ডপে দুর্গাপূজার শুভসূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এ্যানি বলেন, সরকারি দলের পাশাপাশি বিরোধী দলগুলোরও নৈতিক দায়িত্ব ও অঙ্গীকার রয়েছে। কিন্তু দায়িত্ব গ্রহণের পর থেকে বিরোধী দলগুলোর দায়িত্বশীল আচরণের ঘাটতি দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, বর্তমান পরিস্থিতিতে কেন লংমার্চ বা রোডমার্চের মতো কর্মসূচি দিতে হবে?
লক্ষ্মীপুর পৌর প্রশাসক ও পৌর মহাশ্মশানঘাট সংসদের সভাপতি সম্রাট খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফে সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথসহ পূজা উদযাপন কমিটির স্থানীয় নেতৃবৃন্দ।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews