আইএনবি ডেস্ক: রাজধানীর সেগুনবাগিচার একটি আবাসিক হোটেল থেকে আদনান সাকিব রাব্বি (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ছিলেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বুধবার নিহত সাকিব নিখোঁজ রয়েছেন বলে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্ত্রী নুসরাত আফরিন।
সেই জিডির পরিপ্রেক্ষিতেই সাকিবের ফোন নম্বর ট্র্যাকিং করে লোকেশন অনুযায়ী সেগুনবাগিচা কর্ণফুলী আবাসিক হোটেল দেখায়। পরে ওই হোটেলের দ্বিতীয় তলার ১০৭ নম্বর রুমে সিলিং ফ্যানের সঙ্গে রশি পেঁচানো অবস্থায় সাকিবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, নিহত সাকিব ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী। তিনি কী কারণে ওই হোটেলে গিয়েছিলেন তা তদন্ত করা হচ্ছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করতে পারেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, নিহত সাকিবের রুম থেকে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য কারো দোষ নেই’।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews