নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরের গাংনী উপজেলা শহরে বিএনপি কার্যালয়ের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে এই বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাংনী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরিত ককটেলের স্প্লিন্টার, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত সংগ্রহ করে।
বিএনপি নেতাদের অভিযোগ, দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর নির্ধারিত কর্মসূচি বাধাগ্রস্ত করতেই দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।
ককটেল বিস্ফোরণের পরও নির্ধারিত সূচি অনুযায়ী রোববার বিকেল সাড়ে চারটায় গাংনী উপজেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনসহ জেলা, উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিস্ফোরণের পর ওই পুরো কর্মসূচি ঘিরে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
কর্মসূচি শুরুর আগে গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল বলেন, গাংনী উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিকে বাধাগ্রস্ত করতেই একটি মহল এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমরা দ্রুত এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
ঘটনার প্রত্যক্ষদর্শী গাংনী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডাম সুমন জানান, তিনি দলীয় অফিসের ভেতর থেকে বের হওয়ার পরপরই বিকট শব্দে দুটি ককটেল বিস্ফোরিত হয়, যার ফলে শহরে তাৎক্ষণিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে গাংনী থানার তদন্ত কর্মকর্তা শিমুল কুমার দাস জানান, বিস্ফোরণের খবর পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। কে বা কারা এবং কী উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশ নিবিড় তদন্ত শুরু করেছে।